সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী

প্রকাশঃ Sep 13, 2026 - 15:39
সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব স্পিচ এবং বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা দরকার।

সাইবার আইন-২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, আইনটি যথেষ্ট নয়—এমন মতামতের পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্‌স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী জানান, সংশোধনী প্রস্তাব নিয়ে জনপরামর্শও শুরু হয়েছে। প্রথম ধাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। সাংবাদিকদের কোনো পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কমিটিতে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একইভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির কোনো নেতা যদি এসব কর্মকাণ্ডের পথে বাধা হয়ে দাঁড়ান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাকেও ছাড় দেওয়া হবে না।

নিজ এলাকার একটি ঘটনার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, এক ইউনিয়ন বিএনপি নেতা এলাকায় অশান্তি সৃষ্টি করছিলেন। তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রশাসনের পদক্ষেপে ওই নেতাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাব-রেজিস্ট্রি বিভাগের অনিয়ম প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিভাগ নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। এ কারণে ঢাকা শহরে সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি বলেন, নতুন এই পদ্ধতি চালু হলে সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আরও কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বিচার বিভাগের সংকট নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, অতীতে কয়েকজন বিচারপতি সরাসরি অর্থনৈতিক দুর্নীতিতে জড়িত না থাকলেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছেন। এতে বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সরকার এখন সেটি সংস্কার ও মেরামতের কাজ করছে।

বিচার বিভাগের সংস্কারে সময় লাগবে উল্লেখ করে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীরও মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা করা। প্রতিশোধের রাজনীতিতে না গিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সরকারি দলের নেতাকর্মীদেরও প্রধানমন্ত্রীর এ নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশসহ বিজিবি ও র‌্যাবের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী
লোগো
Sep 13, 2026

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে: আইনমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta