নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগ, রাতেই মারা গেলেন বিএনপি নেতা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। তবে গণসংযোগ শেষে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বিএনপির এই নেতা।
গণসংযোগ চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা ছিল, শেষ পর্যন্ত হয়তো তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। তবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে খোকন বলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’
দিনভর গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাধারণ সম্পাদক এস এম মিজান।
নির্বাচনে প্রার্থিতা নিয়ে দৃঢ় অবস্থান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
-স্বাধীন দিগাস্ত/ এস
নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগ, রাতেই মারা গেলেন বিএনপি নেতা

