সিরাজগঞ্জে জাতীয় পার্টির কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ৩২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের বিএ কলেজ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে তারা দলীয় দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন।
দেলোয়ার হোসেনের অভিযোগ, সম্মেলনের মাধ্যমে গঠিত জেলা কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও নেতাকর্মীদের কোনো ধরনের অবহিত না করে গত ৮ সেপ্টেম্বর ৩২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, দলের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মতামত গ্রহণ এবং প্রচলিত সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তারা গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
এ অবস্থায় তারা দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে নতুন কমিটি গঠন ও পদত্যাগের বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।
-স্বাধীন/এস
সিরাজগঞ্জে জাতীয় পার্টির কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

