রংপুরে চার খুন: ডোপ টেস্টে মুগ্ধ-সিদ্ধার্থের শরীরে মাদকের অস্তিত্ব মেলেনি
রংপুরের চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
এর আগে রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা দুই আসামির ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তার পাশাপাশি রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।
সনাতন চক্রবর্তী জানান, নিরাপত্তার কারণে কারাগারের জেলগেট থেকেই দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের শরীরে এমফিটামিনসহ কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
-স্বাধীন/এমএ
রংপুরে চার খুন: ডোপ টেস্টে মুগ্ধ-সিদ্ধার্থের শরীরে মাদকের অস্তিত্ব মেলেনি

