হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

প্রকাশঃ Aug 5, 2026 - 15:51
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরান-সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম কমেছে।

বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে ৭৮ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এ পর্যন্ত ব্রেন্টের দাম ১২ শতাংশের বেশি কমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০৭ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের হিসাবে ডব্লিউটিআইয়ের দামও ১১ শতাংশের বেশি কমেছে।

মঙ্গলবার কাতার জানায়, ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমে যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান আলোচনার দাবি এখনো অস্বীকার করে আসছে ইরান।

বাজার বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ সফল হলে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমবে। তবে আলোচনা ভেস্তে গেলে বা সরবরাহ ব্যবস্থায় নতুন করে বিঘ্ন ঘটলে তেলের দাম আবারও বাড়তে পারে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো অনিশ্চয়তা এখনও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ কমিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেল ও পেট্রোলের মজুত বেড়েছে। তবে ডিজেলসহ অন্যান্য পরিশোধিত জ্বালানির মজুত কমেছে।

সূত্র: রয়টার্স, শাফাক নিউজ

-স্বাধীন দিগন্ত/ এমএ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
লোগো
Aug 5, 2026

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta