মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা ১ মিনিটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত দেশে গণহত্যা ও দমন-পীড়ন চলছিল। ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন অধ্যায়ের সূচনা হয়।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, টাঙ্গাইলের মারুফসহ আত্মত্যাগকারীদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং শহীদ ও আহত যোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্যোগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজধানীসহ দেশের সব জেলায় দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর জুলাই যোদ্ধা, স্কাউট সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

