সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ

প্রকাশঃ Sep 18, 2026 - 16:28
সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যখন বেতন-ভাতা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে, তখন বাংলা নববর্ষ ভাতায় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন বেতন কাঠামোয় বৈশাখী ভাতার হার কমানোর কথা বলা হয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। তবে প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল ২০২৬-এ এই হার কমিয়ে ১৫ শতাংশ করার কথা বলা হয়েছে।

অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর হলে বৈশাখী ভাতার হার বর্তমানের তুলনায় ৫ শতাংশীয় পয়েন্ট কমে যাবে। এতে মূল বেতন বাড়লেও নির্ধারিত শতাংশ অনুযায়ী বৈশাখী ভাতা পাওয়ার সুবিধা কিছুটা কমবে।

তবে নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে গ্রেড অনুযায়ী মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ফলে ভাতার হার কমলেও মূল বেতন বৃদ্ধির কারণে অনেক চাকরিজীবীর ক্ষেত্রে বৈশাখী ভাতা থেকে পাওয়া মোট অর্থ বর্তমানের চেয়ে বেশি হতে পারে।

নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধায় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে এসব পরিবর্তনের মধ্যে বৈশাখী ভাতার হার কমানোর প্রস্তাবটি আলাদা করে আলোচনায় এসেছে।

অন্যদিকে পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এসব ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের কথা রয়েছে। পাশাপাশি ঝুঁকি ভাতাসহ কয়েকটি বিশেষ ভাতার পরিমাণও বর্তমানের তুলনায় বাড়ানোর প্রস্তাব রয়েছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, নতুন পে স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে মূল বেতন একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে মন্ত্রিসভায় অনুমোদনের পরও জাতীয় বেতন স্কেল ২০২৬-এর চূড়ান্ত গেজেট এখনো প্রকাশ হয়নি। তাই বৈশাখী ভাতাসহ বিভিন্ন ভাতার চূড়ান্ত হার গেজেট এবং পরবর্তী বাস্তবায়ন নির্দেশনায় স্পষ্ট হবে।

-স্বাধীন/এমএ

সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ
লোগো
Sep 18, 2026

সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta