চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ, শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ
চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রেইলরের এক শ্রমিক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের কর্মবিরতির কারণে নয়, টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টস) জটিলতার কারণে কার্গো ডেলিভারি সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
তাদের দাবি, এর আগে বিকেল ৪টার দিকে শ্রমিক নেতাকে মারধরের ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোক্তারের সঙ্গে গেটে দায়িত্ব পালন করা এক নিরাপত্তাকর্মীর প্রথমে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে মোক্তারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনার পর শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ করে বন্দরের ৪ নম্বর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কনটেইনার পরিবহনের পাশাপাশি অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে বলে দাবি তাদের।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘সিকিউরিটিরা টস ও গেট পাসের নামে চাঁদাবাজি শুরু করেছে। এর প্রতিবাদ করায় আমাদের মোক্তারের ওপর হামলা হয়েছে।
আমিও লাঞ্ছিত হয়েছি। এর প্রতিবাদে কনটেইনার ডেলিভারিসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।’
তবে শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কোনো রেকর্ড নেই। তবে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টস) সমস্যার কারণে গত এক ঘণ্টা ধরে কার্গো ডেলিভারি বাধাগ্রস্ত হচ্ছে।’
শ্রমিকদের অভিযোগ ও বন্দর কর্তৃপক্ষের বক্তব্যে কনটেইনার ডেলিভারি বন্ধের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
-স্বাধীন/এস
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ, শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ

