রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংসদ সচিবালয় থেকে এ তালিকা ইসির কাছে পাঠানো হয়। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের ভোটার তালিকা চেয়েছিল ইসি। বিষয়টি সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে অনুরোধ পাঠানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নির্ধারণে কমিশন বৈঠক করবে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র জাতীয় সংসদের সদস্যরাই ভোটার। সেই অনুযায়ী সংসদ সদস্যদের তালিকা যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়

