গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

প্রকাশঃ Aug 8, 2026 - 16:24
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘মজলুম জননেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে আমি পছন্দ করতাম। কিন্তু গণঅভ্যুত্থানের পর বুঝতে পেরেছি, তিনি আসলে মুখোশধারী ছিলেন। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অর্থাৎ গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান।’

তিনি আরও বলেন, ‘এই ডা. শফিকুর রহমানকে নিয়ে কী বলব? তিনি নাকি সরকারের পতন ঘটিয়ে ফেলবেন। ডা. শফিকুর রহমান তো জীবিতই ছিলেন, কিন্তু তার নেতৃত্বে মগবাজারের তালাটাও খোলা যায়নি।’

রাশেদ খাঁন বলেন, ‘আমি এসব কথা বলি তাদের মুনাফেকি রাজনীতি মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য।’

জামায়াতের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দলটির প্রভাবশালী নেতা ডা. তাহের বিদেশিদের সঙ্গে বৈঠকে বলেছেন, তারা শরিয়া আইন কায়েম করবে—এ কথা কখনো বলেননি। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারেও ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়নের কথা উল্লেখ নেই।

তিনি অভিযোগ করেন, ‘এই মুনাফেকি দল প্রতিদিন মানুষকে আইওয়াশ করার জন্য সংসদে বলছে, আমরা কোরআনের আইন চাই, আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই। জামায়াতে ইসলামী ইসলাম নিয়ে ভণ্ডামি করছে। নির্বাচনের আগে আমরা জান্নাতের টিকিট বিতরণ করতেও দেখেছি।’

রাশেদ খাঁন আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী এমন কোনো অন্যায়, অপরাধ, মিথ্যাচার, অপকর্ম বা ভণ্ডামি নেই, যা তারা করেনি।

তবে দেশের মানুষ বিষয়টি বুঝতে পেরেছে দাবি করে তিনি বলেন, ‘এ দেশের যতটুকু পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। বর্তমান বাংলাদেশে যদি পরিবর্তন হয়, তা হবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে।’

নাহিদ ইসলামের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ‘নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত সঠিক পথেই ছিলেন। কিন্তু যখন জামায়াতের ফাঁদে পা দিয়েছেন, তখন তিনি বিপথগামী হয়েছেন।’

-স্বাধীন দিগন্ত/ এমএ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন
লোগো
Aug 8, 2026

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta