দীর্ঘ প্রেমের পর বিয়ে, অবশেষে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো

প্রকাশঃ Aug 12, 2026 - 13:50
দীর্ঘ প্রেমের পর বিয়ে, অবশেষে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো

দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনাকে বিয়ে করে রোনালদো এখন আর্জেন্টিনার জামাই।

পর্তুগিজ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় তাদের বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে রোনালদো-জর্জিনার পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে জর্জিনার হাতের ওপর হাত রাখা অবস্থায় দেখা যায় তাকে। দুজনের হাতেই ছিল আংটি। ছবির ক্যাপশনে ‘সি’ ও ‘জি’-এর মাঝে ভালোবাসার ইমোজি দেন রোনালদো। পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে।

এর আগে গত বছরের ১১ আগস্ট সামাজিক মাধ্যমে বাগদানের খবর জানিয়েছিলেন রোনালদো ও জর্জিনা। সে সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় জানিয়েছিলেন, তিনি বিয়েতে রাজি। ঠিক এক বছর পরই তাদের বিয়ে সম্পন্ন হলো।

কয়েক দিন আগে রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমেছিল। পরে জানা যায়, সেখানে অন্য এক যুগলের বিয়ের আয়োজন ছিল। ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেয়। রোনালদোও সেই পোস্টে মজার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

ফুটবল ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ৯৭৬ গোল করেছেন। স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস হয়ে বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে করেছেন ১৪৬ গোল, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

অন্যদিকে, জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। প্রায় এক দশকের সম্পর্কের পর এবার বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল তাদের ভালোবাসা।

তথ্যসূত্র: এনডিটিভি

-স্বাধীন দিগন্ত/ এমএ

দীর্ঘ প্রেমের পর বিয়ে, অবশেষে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো
লোগো
Aug 12, 2026

দীর্ঘ প্রেমের পর বিয়ে, অবশেষে আর্জেন্টিনার জামাই হলেন রোনালদো

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta