চীনের অর্থনীতির রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর অন্যতম প্রধান কারিগর এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ঝু রংজির বয়স হয়েছিল ৯৭ বছর।
তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী এই অর্থনীতিবিদ ১৯৯০-এর দশকে রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনেন। তার নেওয়া বিভিন্ন সংস্কার চীনের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে তার নেতৃত্বেই চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয়।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী এবং দেশটির অন্যতম শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন ঝু রংজি। এ সময়ে তিনি ব্যাপক ও দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও লাভজনক করার উদ্যোগ নিতে গিয়ে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। তার সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করে।
পরবর্তী সময়ে চীন ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়।
-স্বাধীন দিগন্ত/এমএ
চীনের অর্থনীতির রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

