ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০টি এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 18, 2026 - 15:45
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০টি এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোট ৪৯০টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উলটো পথে চলাচল কিংবা অবৈধভাবে ওভারটেকিং করলে এআই ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত হবে। একই সঙ্গে মহাসড়কে যে সাইন-সিগন্যাল দেওয়া রয়েছে, সেগুলো অমান্য করলেও সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে।

তিনি জানান, আইন লঙ্ঘনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চলে যাবে। পরে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য পৌঁছে দেওয়া হবে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে মোবাইল ফোন বা সংশ্লিষ্ট সিস্টেমের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে নতুন ব্যবস্থা সম্পর্কে জানানো এবং ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ফল বয়ে আনবে।

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

-স্বাধীন/ এমএ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০টি এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 18, 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০টি এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta