নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর কিছুক্ষণ আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, আজই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও বাস মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘এর কম তারা মানতে চায়নি। মেইনটেন্যান্স কস্টের কথাও তারা (বাস মালিক সমিতি) বলছে।’
শেখ রবিউল আলম বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।
রেলভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।
-স্বাধীন/এমএ
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

