শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এবং দুপুরে কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
সকালের দুর্ঘটনায় নিহতরা হলেন—বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয়রা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরে কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ (২১) নিহত হন। গুরুতর আহত জাকির আলী (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আসাদ শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকার এরফান হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-স্বাধীন/ এমএ
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

