রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। চীনসহ বিভিন্ন দেশের সহযোগিতায় এ চাপ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়ানমারের সাম্প্রতিক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করলেও তা ধীরগতিতে চলছে। বাংলাদেশ চায়, এ প্রক্রিয়া দ্রুত শেষ করা হোক।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয় নিয়েই তাদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে নিজ দেশে ফিরতে হবে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, তবে নিরাপদ প্রত্যাবাসনই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে শুধু যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে নয়, চীনের সঙ্গেও আলোচনা হয়েছে। চীন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। একই সঙ্গে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা শুরু হলেও এখনো সংকটের সমাধান হয়নি। সময়ের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল হওয়ায় সংকটও ঘনীভূত হয়েছে। তাই শুধু কূটনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়সহ বিভিন্ন বিষয় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি ভূরাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় রেখে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত থাকবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে কৌশলগত পরিবর্তন এসেছে কি না—এ প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, কৌশলে পরিবর্তন অবশ্যই আছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। তবে আগের উদ্যোগগুলোও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে বলে তিনি জানান।
-স্বাধীন/ এমএ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

