কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

প্রকাশঃ Aug 19, 2026 - 13:39
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনই বাংলাদেশি। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে ভবনটির ভেতরে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখা যায়। পাঁচতলা ভবনটির প্রায় প্রতিটি তলাতেই ছিল ছোট ছোট কক্ষ, সংকীর্ণ চলাচলের পথ এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ।

জানা গেছে, ভবনটির বিভিন্ন তলায় একাধিক আবাসিক হোটেল পরিচালিত হচ্ছিল। প্রতিটি তলায় ছোট ছোট কক্ষ তৈরি করে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কক্ষগুলো ছিল অনেকটা পায়রার খোপের মতো। পাশাপাশি প্রতিটি তলায় একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চলত বলেও জানা গেছে।

অগ্নিকাণ্ডের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অভিযোগ রয়েছে, আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবস্থা সেখানে পর্যাপ্ত ছিল না। একই সঙ্গে ভবন থেকে দ্রুত বের হওয়ার জন্য বিকল্প পথও ছিল না। মূল প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সংকীর্ণ।

মধ্যরাতে আগুন লাগার পর ঘুমন্ত আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যাওয়ায় অনেকেই বের হতে পারেননি। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করেন।

আগুনের তীব্রতা খুব বেশি না হলেও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রাণ বাঁচাতে কয়েকজন শৌচাগারে আশ্রয় নেন। একজন ওপর থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় এ ধরনের একাধিক আবাসিক হোটেল রয়েছে। ভিনরাজ্য থেকে আসা মানুষ ছাড়াও চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া অনেকেই এসব হোটেলে অবস্থান করেন। মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলেও বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন অতিথি ছিলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর ভবনটির অনুমোদন, নির্মাণ পরিকল্পনা এবং হোটেল পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনের ভেতরে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত কক্ষ তৈরি করা হয়েছিল। কলকাতা পৌরসভার অনুমোদিত ভবন পরিকল্পনা ও অগ্নিনিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটির অনুমোদন ও ব্যবসা পরিচালনার বিষয়গুলো খতিয়ে দেখার কথা জানিয়েছে। কীভাবে ওই ভবনে হোটেল পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ভবনের অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। তবে তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভবনটিতে ঠিক কী ধরনের অনিয়ম ছিল, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

-স্বাধীন/ এমএ

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
লোগো
Aug 19, 2026

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৮ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta