গভীর রাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

প্রকাশঃ Oct 1, 2026 - 14:12
গভীর রাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, বুধবার গভীর রাতে আফগানিস্তানের দুটি এলাকায় চালানো ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে কাবুলের অভিযোগ, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে প্রতিবেশী দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগান ভূখণ্ডে এসব হামলার কথা জানায়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসীদের ঘাঁটি ও নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল হক’-এর ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর প্রশিক্ষণশিবির ও আস্তানায় হামলা চালানো হয়েছে। এসব গোষ্ঠী, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে। অন্যদিকে বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সংগঠনকে তারা ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলে অভিহিত করে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে অভিযান চালানো হয়। এতে লক্ষ্যবস্তুগুলো ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও নষ্ট হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

তবে হামলার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আফগানিস্তান। কাবুলের অভিযোগ, কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন। আরও ১১ জন আহত হয়েছেন বলেও দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে হামলাগুলো চালানো হয়। তার দাবি, কুনার ও হেলমান্দে হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদ গুরুত্ব দেয়। তবে দেশের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য, আফগানিস্তান এখনো সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পাকিস্তানের বিরুদ্ধে হুমকির উৎস আফগান ভূখণ্ড।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসে পাকিস্তানের ‘গজব লিল হক’ অভিযান অব্যাহত থাকবে। দেশের ভেতরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে ইসলামাবাদ।

দীর্ঘদিন ধরে আফগানিস্তানে থাকা তালেবান প্রশাসনের কাছে টিটিপিসহ পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে ইসলামাবাদ। পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব গোষ্ঠী দেশটিতে আন্তঃসীমান্ত হামলা চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়ে আসছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশনায় তৈরি একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত আফগান তালেবানের টিটিপির প্রতি অব্যাহত সমর্থন পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বাড়াতে ভূমিকা রেখেছে।

তবে একই প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপিকে নিয়ন্ত্রণে আনতে আফগান কর্তৃপক্ষ কিছু প্রাথমিক পদক্ষেপও নিয়েছে।

-স্বাধীন/এমএ

গভীর রাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২
লোগো
Oct 1, 2026

গভীর রাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta