মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি। বুধবার উত্তর আফ্রিকার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত সপ্তাহে মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৯৫ আসনের এই নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ৯৭টি আসনে জয় পেয়েছে ফাতিমা ইজ্জাহরার রাজনৈতিক দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম)। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ৩১টি আসন বেশি পেয়েছে দলটি।
প্রধানমন্ত্রী হিসেবে রাজার কাছ থেকে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ফাতিমা ইজ্জাহরা বলেন, “এটা ঐতিহাসিক। দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছে। এটা শুধু আমার নয়, মরক্কোর সব নারীর জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “আজ থেকেই আমরা কাজ শুরু করছি। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আগে আমরা প্রথমে দলের অভ্যন্তরেই আলোচনা শুরু করব।”
তবে ৩৯৫ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি পিএএম। ফলে সরকার গঠনে দলটিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।
মরক্কোর রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও রাজা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতার অধিকারী। ফলে জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে রাজপরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কে এই ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি?
পেশায় আইনজীবী ও রাজনীতিবিদ ফাতিমা ইজ্জাহরা এল মানসুরির জন্ম ১৯৭৬ সালে মরক্কোর রেহমানা প্রদেশে। তার বাবা আবদেলরহমান এল মানসুরি মারাকেশের ডেপুটি গভর্নর ছিলেন। পরে তিনি সংযুক্ত আরব আমিরাতে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফাতিমার শিক্ষাজীবনের একটি বড় অংশ কেটেছে ফ্রান্সে। দেশে ফিরে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে পিএএমে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।
এর পরের বছর, ২০০৯ সালে, মারাকেশের মেয়র নির্বাচিত হন ফাতিমা ইজ্জাহরা। এর মধ্য দিয়ে ঐতিহাসিক এই শহরের প্রথম নারী মেয়র হিসেবে ইতিহাস গড়েন তিনি। ২০১৫ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
মারাকেশের মেয়রের দায়িত্ব ছাড়ার পর কয়েক বছর জাতীয় রাজনীতিতে তুলনামূলকভাবে আড়ালে ছিলেন তিনি। ২০২১ সালে সাবেক প্রধানমন্ত্রী আজিজ আখানচুচের নেতৃত্বাধীন জোট সরকারে আবাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ফাতিমা। ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি।
সূত্র: এএফপি
-স্বাধীন/এস
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

