নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩
ভারতের মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি সেতু থেকে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল গাড়ির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।
এ ঘটনায় আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় বিএমডব্লিউ গাড়িটির সামনের অংশ ও ছাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণে উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে যায় এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। গাড়িটির গতি, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ এবং দুর্ঘটনার আগে কোনো অন্য ঘটনা ঘটেছিল কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
-স্বাধীন/এমএ
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

