বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়ায় ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত রাখার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি বাতিল ঘোষণা করেছেন নিউইয়র্কের ম্যানহাটান জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস।
শুক্রবার এ-সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেন, নির্দিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত ক্ষমতার মধ্যে পড়ে না। একই সঙ্গে এ সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার সীমাও অতিক্রম করেছে।
রায়ের লিখিত অনুলিপিতে বিচারক ভার্গাস বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ চালু রাখা বা স্থগিত করার নীতি যুক্তরাষ্ট্রের প্রচলিত ভিসানীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত এখতিয়ারের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে ১৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়া, ভেনেজুয়েলাসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ, গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা এবং গ্রিনকার্ড প্রস্তুতের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা নেওয়ার হার তুলনামূলকভাবে বেশি। এর ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন।
স্থগিতাদেশের বিরুদ্ধে ম্যানহাটান জেলা আদালতে মামলা করে অভিবাসী অধিকার সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার। শুক্রবার সেই মামলার রায় দেন বিচারক জ্যানেট ভার্গাস।
এর আগে ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া জেলা আদালতের বিচারক অমিত মেহতাও এক মামলার রায়ে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনায় ট্রাম্প প্রশাসনের দেওয়া স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করেছিলেন।
সূত্র: রয়টার্স
-স্বাধীন/ এমএ
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়ায় ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল

