মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের স্থলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য।
মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
-স্বাধীন/ এমএ
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

