জাতীয় সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

প্রকাশঃ Aug 31, 2026 - 16:06
জাতীয় সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল এন্ডা ফিলিপের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন।

এ সময় সচিব বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার বিরাজমান, যা জনগণের প্রতিনিধিত্ব করছে। নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের অংশগ্রহণে বর্তমান সংসদ আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সচিব বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালা থাকলেও আইপিইউর মহাসচিবের বাংলাদেশ সফরকে সংসদ সদস্যরা গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তাঁর বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্যরা যথাযথ গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

সেক্রেটারি জেনারেল এন্ডা ফিলিপ সংসদ সচিবের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউর একটি কার্যকর সদস্য এবং আইপিইউর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও সমৃদ্ধ করতে আইপিইউ জাতীয় সংসদের সঙ্গে একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এন্ডা ফিলিপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বিষয়ে আইপিইউর নতুন কর্ম-কৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। পাশাপাশি তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংসদ সচিবকে অনুরোধ জানান তিনি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

জাতীয় সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
লোগো
Aug 31, 2026

জাতীয় সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta