চলতি মাসেই শুরু হচ্ছে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসের শেষ দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে ইতোমধ্যে পর্যাপ্ত হামের ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রথম ধাপের হামের টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।
স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। সম্প্রতি দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ছয় মাসে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি চিকিৎসকদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে আসা-যাওয়া ও দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হবে। হাসপাতালের ড্রেনেজ বা পরিচ্ছন্নতায় কোনো সমস্যা থাকলে তা সাত দিনের মধ্যে সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রমের খোঁজ নেন।
রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
-স্বাধীন/এমএ
চলতি মাসেই শুরু হচ্ছে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

