প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশঃ Aug 24, 2026 - 02:56
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলা শেষ হয়েছে। এখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে কাজ চলছে। খুব বেশি দেরি না করে নিয়োগ কার্যকর করা হবে।

রোববার (২৩ আগস্ট) বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, বরিশালের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কয়েক হাজার বিদ্যালয়ে এমন পরিস্থিতির তথ্য তিনি পেয়েছেন। তবে এটি শুধু বরিশালের চিত্র নয়, সারাদেশেই একই অবস্থা রয়েছে।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ৩২ হাজারের বেশি পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এখন মামলা শেষ হয়েছে এবং পিএসসির সঙ্গে নিয়োগ কার্যকরের বিষয়ে কাজ চলছে। খুব বেশি সময় লাগবে না বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা তার অন্যতম প্রধান লক্ষ্য। অতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক জায়গায় শিক্ষার মান প্রত্যাশিত পর্যায়ে ছিল না। এখন প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত দুটি লক্ষ্য বাস্তবায়নই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য। এর প্রথমটি হলো, পাঠদানের বয়সী কোনো শিশু যেন শ্রেণিকক্ষের বাইরে না থাকে। দ্বিতীয়টি হলো, প্রতিটি শিক্ষার্থী যেন শ্রেণিকক্ষে সঠিকভাবে শিক্ষা লাভ করে। এই দুটি লক্ষ্য বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের শিক্ষা কোনোভাবেই বিশ্বমান থেকে পিছিয়ে থাকবে না।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এর অংশ হিসেবে বর্তমানে ১৫১টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে স্কুল ফিডিং কার্যক্রম চলছে। ২০২৭ সালের শুরু থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের অনেক বিদ্যালয়ের অবকাঠামোর অবস্থা ভালো নয়। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগের উপপরিচালক মিজ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

এসটিআর

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী
লোগো
Aug 24, 2026

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta