বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ বিষয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির অনুমোদনের পর এ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বিচারকদের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়—
১. সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা অনলাইন কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।
২. বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণায় কোনো সদস্যের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। একইভাবে এ ধরনের ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে না।
৩. বিচারিক দায়িত্ব পালনের মাধ্যমে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি কিংবা অনলাইন কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা নিষিদ্ধ।
৪. বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল কোচিংয়ের জন্য কোনো ধরনের শিক্ষা-সামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না সার্ভিসের সদস্যরা।
৫. পরিপত্রের কোনো নির্দেশনা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রচলিত শৃঙ্খলা-সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
-স্বাধীন/ এমএ
বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না

