ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম

প্রকাশঃ Sep 24, 2026 - 17:46
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানিয়েছেন, মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক নানা সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে মামলার মূল রহস্য উদঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে আরও বলা হয়, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা বের করতে আসামিকে আরও বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশি পাহারায় গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমানসহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, গাজী নজরুল হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে রিং পরানো রয়েছে। তিনি ন্যাম ভবনে বসবাস করেন, ফলে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। চার দিনের রিমান্ডে মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি দাবি করে তারা রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

পরে একই রাতে মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রিমান্ড শেষে মাকছুদা বেগমকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। আর বুধবার এ মামলায় গ্রেপ্তার ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

-স্বাধীন/এমএ

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম
লোগো
Sep 24, 2026

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta