স্থানীয় সরকারের সব অফিসে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

প্রকাশঃ Aug 25, 2026 - 16:46
স্থানীয় সরকারের সব অফিসে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি অফিসের ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে আয়োজিত পৃথক দুটি সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি অফিস নয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়গুলোতেও ধাপে ধাপে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা হবে। সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সেবা অবকাঠামো গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান মীর শাহে আলম। এর ফলে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কারিগরি সহায়তা নেওয়া এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১৭ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়। কমিটিগুলো সরকারি ভবনগুলোর মধ্যে যেসব ছাদে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব, সেগুলো চিহ্নিত করেছে। পাশাপাশি ছাদগুলোর মোট আয়তন, সম্ভাব্য ব্যয় এবং বাস্তবায়নের চ্যালেঞ্জও পর্যালোচনা করা হয়েছে।

সভায় জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

-স্বাধীন/ এমএ

স্থানীয় সরকারের সব অফিসে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ
লোগো
Aug 25, 2026

স্থানীয় সরকারের সব অফিসে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta