চীনের জে-১০ সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা
বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এ বিষয়ে একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, বিমানবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে চতুর্থ প্রজন্মের এমআরসিএ (মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট), ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে বাজেট সহায়তা পাওয়া গেলে এসব সরঞ্জাম কেনার কাজ এগিয়ে নেওয়া হবে। তা সম্ভব না হলে পরবর্তী অর্থবছরের বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হতে পারে।
চীনা যুদ্ধবিমান কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এমআরসিএ হিসেবে জে-১০ সিই এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে।
চীনের জে-১০ সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে সরকারের আগ্রহের কারণ ব্যাখ্যা করে তিনি সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় চীনা জে-১০ ব্যবহারের বিষয়টি এখন প্রতিষ্ঠিত।
তিনি বলেন, রাফালকে ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে কমব্যাট পরিস্থিতিতে চীনের জে-১০ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এ কারণে বাংলাদেশও বিষয়টির প্রতি গুরুত্ব দিচ্ছে এবং জে-১০ সিই সংগ্রহের পথে সরকার এগিয়ে যাচ্ছে।
-স্বাধীন/ এমএ
চীনের জে-১০ সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা

