মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের যারা আবার ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে আর কখনো ফ্যাসিজমের প্রত্যাবর্তন না ঘটে। একই সঙ্গে আমাদের নিজেদেরও যেন ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তৈরি না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইনমন্ত্রী।
-স্বাধীন/ এমএ
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

