সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 4, 2026 - 15:29
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো শক্তিশালী করতে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শিগগিরই শুরু হবে। এ জন্য দিন-তারিখ ও অংশগ্রহণকারীদের তালিকা নির্ধারণ করা হবে। বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি। তবে তারা শিগগিরই নাম পাঠাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা বৈঠকে অংশ নিয়ে মতামত দিলে যেমন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, তেমনি লিখিতভাবে দেওয়া পরামর্শও গ্রহণ করা হবে। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রস্তাব ও প্রতিবেদন প্রণয়ন করা হবে।

সংবিধান সংশোধনের পথে বড় কোনো চ্যালেঞ্জ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এটিকে চ্যালেঞ্জ নয়, বরং জনগণের প্রত্যাশা হিসেবে দেখছে সরকার। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হবে। তাই আলোচনা শেষ করার নির্দিষ্ট সময় এখনই নির্ধারণ করা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত সুপারিশ, ভিন্নমত (নোট অব ডিসেন্ট), সরকারি দলের নির্বাচনী ইশতেহার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে সর্বজনগ্রাহ্য একটি সংবিধান সংস্কারের প্রস্তাব তৈরি করা হবে।

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 4, 2026

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta