দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যকে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্যোগের সময় এসব স্বেচ্ছাসেবীকে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা এবং দুর্যোগের সময় ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে তাদের দ্রুত মোতায়েনের বিষয়টি গুরুত্ব পায়।
আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগের সময় দ্রুত সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং মানবিক পুনর্বাসন কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন বলে বৈঠকে জানানো হয়।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে বিশেষ প্রশিক্ষণ
প্রস্তাবিত ১ লাখ টিডিপি সদস্যকে আনসার বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে একটি কার্যকর দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে কীভাবে সমন্বিতভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও দুই বাহিনীর কর্মকর্তারা মতবিনিময় করেন।
জরুরি পরিস্থিতিতে যৌথভাবে কাজের ওপর গুরুত্ব
বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহযোগিতা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।
ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, দুই বাহিনীর এই সমন্বিত উদ্যোগ দেশের জননিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-স্বাধীন/এস
দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

