সরকারের ছয় মাসে এমন কোনো অপরাধ নেই, যা আইনের আওতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 26, 2026 - 14:18
সরকারের ছয় মাসে এমন কোনো অপরাধ নেই, যা আইনের আওতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে সংঘটিত এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা আইনের আওতায় আনতে পারেনি। এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল অনেকটাই দুর্বল ছিল। তবে গত ছয় মাসে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বাহিনীগুলোর মনোবল ফিরে এসেছে। এখন তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রংপুরের ঘটনায় অপরাধ সংঘটনের যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত সব ধরনের অপরাধ মোকাবিলা করে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী এবং সমাজের প্রত্যাশা বিবেচনায় নিয়ে অনেক ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষ করতে সহযোগিতা করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা সম্ভবত ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি তাদের জবাবদিহি ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রাতারাতি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন প্রত্যাশা করা ঠিক নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, অন্তত প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। ‘আমরা আপনাদের সঙ্গে আছি,’ বলেন তিনি।

এর আগে ঈদ-ই মিলাদুন্নবীর গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, শান্তি, সাম্য ও শৃঙ্খলার পথে চলতে হবে। তাহলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি, বিশৃঙ্খলা এবং বৈষম্য থাকবে না।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্বার্থের সংঘাত চলছে। সাম্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে এসব সংকট অনেকটাই দূর করা সম্ভব।

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

-স্বাধীন/ এমএ

সরকারের ছয় মাসে এমন কোনো অপরাধ নেই, যা আইনের আওতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 26, 2026

সরকারের ছয় মাসে এমন কোনো অপরাধ নেই, যা আইনের আওতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta