শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই আদালতের নির্দেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলতে হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে সেটি গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে তা আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এমন ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, ‘কেউ যদি আগাম জানিয়ে সেটি প্রকাশ করে, সেটিও আদালতের রায় লঙ্ঘনের মধ্যে পড়বে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’
তথ্য উপদেষ্টা জানান, আগেও এ বিষয়ে সরকার সতর্কবার্তা দিয়েছিল। এবারও গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আদালতের নির্দেশনা মেনে চলার জন্য পুনরায় সতর্ক করা হবে।
তিনি আরও বলেন, সরকার আদালত নয়; সরকারের দায়িত্ব আদালতের আদেশ বাস্তবায়ন করা। কেউ আদালতের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করলে আইনগতভাবে আদালতের শরণাপন্ন হতে পারেন। তবে আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব।
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

