আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টো রথযাত্রার দিন কমলাপুরের মতিঝিল এলাকায় একটি মেট্রোরেলের পিলারের নিচে ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। বিষয়টি প্রথমে আনসারের দুই সদস্যের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এলাকা ঘিরে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তুটি নিরাপদে অপসারণের পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কী কারণে এ জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল' ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।
আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

