জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন এ আন্দোলনে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন সফলতা পেয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব এ দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা কোনো একটি রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। গত ১৭ বছর এ দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। আমরা কখনো মাঠ ছেড়ে যাইনি, জনগণকেও একা ফেলে দিইনি।’
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক আলোচনা, আন্দোলন, সংগ্রাম এবং তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। জনগণকে সতর্ক করতে হবে। একই সঙ্গে জনগণের সামনে দেওয়া আমাদের পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে।’
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী

