ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

প্রকাশঃ Sep 2, 2026 - 21:49
ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে। আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমন অবস্থায় নিয়ে গেছে যে, এর প্রভাব এখনো কাটিয়ে উঠতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। সেখান থেকেই দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে ভোলায় গিয়ে নিজ সংসদীয় আসনের নতুনবাজারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার প্রতিটি মানুষের প্রত্যাশা। সেতুর দাবিতে সবাই আন্দোলন করছে এবং এ জন্য আমরাও কাজ করে যাচ্ছি। সরকার নিজস্ব অবস্থান থেকে সেতুর বিষয়টি দেখছে। পাশাপাশি মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে। এসব বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সবাই ভোলার উন্নয়ন চাই এবং এলাকার জন্য ভালো কিছু করতে চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি। বর্তমানে ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে আপনারা আমাকে এমপি হিসেবে দেখেছেন। এক টাকা দুর্নীতির কথাও আপনারা শোনেননি। কোনো মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির ঘটনাও ঘটেনি। ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি কোনো চোর বা সন্ত্রাসী আমার দলের নয়।

আন্দালিভ রহমান পার্থ বলেন, আমার দলকে ব্যবহার করে কেউ যদি ডাকাতি, সন্ত্রাস বা চুরি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস, কমিশন, জিআর, টিআর কিংবা ঠিকাদারি এসব আমার রক্তে নেই, আমার বংশে নেই এবং আমাদের মধ্যেও নেই। ভোলার মানুষ আমার পাশে ছিল, আর আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমি এমপি হতে পেরেছি।

এর আগে বুধবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে পৌঁছান তথ্যমন্ত্রী। পরে সেখান থেকে স্পিডবোটে করে দুপুরে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে যান তিনি। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, উপজেলা বিজেপির সভাপতি আব্দুল জলিল, সম্পাদক বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী
লোগো
Sep 2, 2026

ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta