এলএনজি সরবরাহ নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আগামী নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় নতুন করে সরবরাহ সংকট তৈরি হয়েছে।
ইতালির শীর্ষ জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন দেখা দিলে কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে। পরে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়েছে। ইতালীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাওয়ার আশা করছে না।
এদিকে এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি সরবরাহ না পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
ইরান সংঘাতের প্রভাব এবং হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে কাতারের এলএনজি রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে কাতার যেখানে ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে সক্ষম হয়েছিল, সেখানে চলতি বছরের আগস্ট পর্যন্ত পাঠাতে পেরেছে মাত্র ১৮টি। অর্থাৎ আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমে গেছে।
অন্যদিকে এডিসন জানিয়েছে, কাতারএনার্জি নতুন করে তাদের আরও ছয়টি এলএনজি চালান বাতিল করেছে। এতে প্রতিষ্ঠানটির বাতিল হওয়া মোট চালানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। সরবরাহ ঘাটতি মোকাবিলায় বিকল্প হিসেবে এডিসন মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।
কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় কাতার থেকে বছরে ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়ার কথা রয়েছে ইতালীয় প্রতিষ্ঠানটির।
কাতারের সরবরাহ স্থগিত থাকার ফলে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানিকারক বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
-স্বাধীন/এমএ
এলএনজি সরবরাহ নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

