এ দেশের মানুষ কখনোই স্বৈরাচারী শাসনকে সমর্থন করেনি: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই গণতন্ত্রের প্রতি আস্থাশীল। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অধিকার, সুশাসন ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় দেশের মানুষ জীবন উৎসর্গ করেছে। ইতিহাস সাক্ষী দেয়, এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দায়িত্ব পালন করছে।
বৈঠকে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের চলমান গণতান্ত্রিক ধারাকে স্বাগত জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
একটি শক্তিশালী ও কার্যকর সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন আইপিইউ মহাসচিব।
এছাড়া বৈঠকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধি দলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-স্বাধীন/এমএ
এ দেশের মানুষ কখনোই স্বৈরাচারী শাসনকে সমর্থন করেনি: স্পিকার

