দীর্ঘ ৪২ বছর পর বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

প্রকাশঃ Sep 1, 2026 - 21:57
দীর্ঘ ৪২ বছর পর বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালায় বিমান চলাচল খাতকে আরও ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মান বৃদ্ধি, উড়োজাহাজের নিরাপত্তা ও বিমান চলাচলের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ সভায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রায় ৪২ বছর পর বর্তমান বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা করা হচ্ছে। বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তাই নতুন বিধিমালায় বিনিয়োগ ও ব্যবসার সুযোগ আরও সহজ করার বিষয়টি নিশ্চিত করা হবে।

একই সঙ্গে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার পাশাপাশি বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নতুন বিধান যুক্ত করা হবে বলে জানান তিনি।

বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারাই আমাদের মূল অংশীজন।’ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে নতুন বিধিমালা প্রণয়নে তাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিশেষ করে উড়োজাহাজের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশি ও বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানসম্পন্ন মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্বপ্রদানসংক্রান্ত বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া আরও সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিমানমন্ত্রী।

সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় নতুন বিধিমালার প্রস্তাবিত বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

দীর্ঘ ৪২ বছর পর বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা
লোগো
Sep 1, 2026

দীর্ঘ ৪২ বছর পর বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta