ঢাকার লোডশেডিং সমন্বয় করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

প্রকাশঃ Aug 26, 2026 - 18:48
ঢাকার লোডশেডিং সমন্বয় করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং জাতীয় গ্রিডের সীমাবদ্ধতার কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়েছে। একই সময়ে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে ঢাকায় সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ঘাটতি এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সমস্যা ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমেছে। এর পাশাপাশি সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের বাড়তি চাহিদার কারণে ঘাটতি আরও বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করা হচ্ছে। এতে রাজধানীতে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় পুনর্বণ্টন করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের মতে, এই উদ্যোগের ফলে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলে দীর্ঘসময় ও ঘনঘন লোডশেডিংয়ের চাপও কিছুটা কমানো সম্ভব হচ্ছে।

সরকারের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিংয়ের চাপ তুলনামূলকভাবে সুষম রাখা। কোনো একটি অঞ্চল বা গ্রাহক শ্রেণিকে দীর্ঘসময় বিদ্যুৎবঞ্চিত না রেখে পুরো সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ আশা করছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ফিরে আসা এবং জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা কমলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৫৯ মেগাওয়াট। ওই সময় জাতীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১৭৬ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট।

ফলে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় ঢাকায় সরবরাহ সমন্বয় করে দেশের অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টনের উদ্যোগকে সাময়িকভাবে স্বস্তির পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

-স্বাধীন/ এমএ

ঢাকার লোডশেডিং সমন্বয় করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ
লোগো
Aug 26, 2026

ঢাকার লোডশেডিং সমন্বয় করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta