প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন বিএনপির অন্যতম অর্জন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। তার গতিশীল নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মারুফ বলেন, দেশের প্রতিকূল ও ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে প্রতিবারই উত্তরণ ঘটিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দিনরাত কাজ করছেন। নতুন ধারার রাজনীতি ও সরকার পরিচালনায় বর্তমান বাংলাদেশে তারেক রহমানের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচিত সুস্থ ধারার রাজনীতির প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।
দেশকে এগিয়ে নিতে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে উন্নয়ন, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, তখন শিক্ষাপ্রতিষ্ঠানে সিট দখল ও রাহাজানির মতো ঘটনা ঘটে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। বিএনপি সরকার পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গনে অরাজক পরিস্থিতি তৈরি করার পাশাপাশি ঢালাওভাবে পাসের হার বাড়িয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ইচ্ছাকৃতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত ও বিপর্যস্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
মেধাবী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে খন্দকার মারুফ বলেন, নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল-কলেজপড়ুয়া সন্তান কোথায় যায় এবং কার সঙ্গে মেশে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক ও তীক্ষ্ণ নজর রাখতে হবে। এ ক্ষেত্রে গাফিলতি হলে ব্যক্তি, পরিবার, দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুস সোবহান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, বিএনপি নেতা এম.এ. লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, আরিফ মাহামুদ, চেয়ারম্যান খোরশেদ আলম ও প্রধান শিক্ষক ফেরদৌস রহমান।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: ড. খন্দকার মারুফ

