দুই বছরের মধ্যে দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 1, 2026 - 18:53
দুই বছরের মধ্যে দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গড়ে ওঠা ‘মব সংস্কৃতি’ কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টির প্রবণতা সরকার কঠোরভাবে দমন করবে।

একই সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবপ্রতিষ্ঠিত ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (SSSDW) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই বিশেষায়িত এই ড্রোন প্রশিক্ষণ স্কুলের কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসএসএসডিডব্লিউয়ের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ফটোসেশনে অংশ নেন এবং এসএসএসডিডব্লিউয়ের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চিফ ইন্সট্রাক্টর কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সুবিধা ও ড্রোনের আভিযানিক পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত পাইলটদের অংশগ্রহণে ড্রোনের অপারেশনাল সক্ষমতার বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের মাধ্যমে বিজিবির ‘সিক্সম্যান পেট্রোল টিম’-এর টহল পরিচালনা, চোরাচালানবিরোধী অভিযানে চোরাকারবারিদের শনাক্ত ও আটকে ড্রোনের ব্যবহার এবং সীমান্তে পুশইন প্রতিরোধে রিয়েল-টাইম নজরদারি প্রদর্শন করা হয়।

এ ছাড়া ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ ব্যবহার করে অজ্ঞাত বা শত্রুপক্ষের ড্রোন শনাক্ত, প্রতিহত ও নিয়ন্ত্রণের কৌশলও দেখানো হয়। পাশাপাশি বিজিবিতে যুক্ত হওয়া অত্যাধুনিক ‘ম্যাভিক ড্রোন’-এর ফ্লাই-পাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মব তৈরি করার যে প্রবণতা দেখা গেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে নজরদারি আরও জোরদার করতে আগামী দুই বছরের মধ্যে বিশ্বমানের আধুনিক ড্রোন সংযোজন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্তে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিজিবিকে পূর্ণাঙ্গ আধুনিকায়নের আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এক দিনের সরকারি সফরে মঙ্গলবার দুপুরে আকাশপথে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজিবির অনুষ্ঠান শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

-স্বাধীন/এমএ

দুই বছরের মধ্যে দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 1, 2026

দুই বছরের মধ্যে দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta