আগস্টে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ
চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে ২৯৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই মাসের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্ট মাসে দেশে এসেছে ২৯৭ কোটি ৬৬ লাখ ডলার বা প্রায় ২.৯৭ বিলিয়ন ডলার। এর আগে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৮৬ কোটি ৮৭ লাখ ডলার।
বর্তমানে রেমিট্যান্সে প্রতি ডলারের বিপরীতে ব্যাংকগুলো ১২৩ টাকা দিচ্ছে। এই হিসাবে আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার, যা টাকার হিসাবে প্রায় ১ হাজার ১৭৭ কোটি টাকা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৯ লাখ ডলার বা ২.৪২ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে মোট ৫৮২ কোটি ৫৩ লাখ ডলার বা ৫.৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
-স্বাধীন/এমএ
আগস্টে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ

