এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

প্রকাশঃ Sep 2, 2026 - 13:58
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, বর্তমান গ্যাসসংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা।

এই সংকটকে কেন্দ্র করে কেউ যেন ‘ঘোলা পানিতে মাছ শিকার’ না করেন, সে আহ্বানও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গ্যাসের বর্তমান সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ সংকট মোকাবিলায় কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার বসে নেই। নিজস্ব অবস্থান থেকে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। আশা করি, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

গ্যাস সংকটের পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেও জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এসব কারণে বাসাবাড়ি ও শিল্পকারখানায় গ্যাসের চাপ কিছুটা কম ছিল।

তিনি জানান, সংকট মোকাবিলা ও পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান ও যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাকসহ অন্যরা।

-স্বাধীন/এমএ

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
লোগো
Sep 2, 2026

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta