সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ‘ভোট ব্যাংক’ হিসেবে বিবেচনা করত। তবে সেই ভ্রান্ত ধারণা ও মিথ সাধারণ মানুষ ভেঙে দিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মানুষের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ওপর দেওয়া হয়েছে। রাষ্ট্র সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, এ বিষয়টিও সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সব ধর্মাবলম্বীর উপাসনালয়, উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের স্বাধীনতা এবং নতুন উপাসনালয় স্থাপনের অধিকারও নিশ্চিত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা শুধু কাগজে-কলমে বা সংবিধানে এসব বিষয় ধারণ করে বসে থাকতে চাই না। বাস্তব জীবনেও ধর্মীয় সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আমরা ইতোমধ্যে সেই ঘোষণা দিয়েছি।’
তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে বাংলাদেশে সেটি নাগরিক পরিচয়ের চেয়ে মুখ্য নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা নৃগোষ্ঠী সবাই নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। তবে জাতীয় পরিচয়ের ক্ষেত্রে সবাই বাংলাদেশের নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। এটিই হবে আমাদের প্রধান পরিচয়। এজন্যই আমরা বলি, আমাদের নেতা বলেছেন- সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ হলে, আমাদের প্রথম পরিচয় হবে বাংলাদেশি নাগরিক হিসেবে। এরপর থাকবে ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক পরিচয়।’
স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ যেন নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন এমন আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকে নাগরিকত্বের ভিত্তিতে নিজেদের পরিচয় দেবেন। ধর্মের ভিত্তিতে নয়, বরং এই দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তাহলে আজ থেকে আমরা কী বলব? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখব। সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটি আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হবে না। আমাদের লক্ষ্য হবে ধর্মীয় সম্প্রীতি, সহ-অবস্থান, সামাজিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করা।’
-স্বাধীন/এমএ
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

