২০২২ সালের পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ

প্রকাশঃ Sep 4, 2026 - 21:26
২০২২ সালের পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে এফএওর খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। জুলাইয়ে সংশোধিত সূচক ছিল ১৩০ দশমিক ৮ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানেই আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ ও খরা, এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাব এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতা কৃষিপণ্যের সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক খাদ্যবাজারে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়টি বাজারে নতুন করে ঝুঁকি তৈরি হওয়ার একটি সতর্কসংকেত। জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহনব্যবস্থায় বিঘ্নের কারণে ভবিষ্যতে সরবরাহ সংকট আরও বাড়তে পারে।

আগস্টে খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের মূল্যসূচকই বেড়েছে। ইউরোপের প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টা ও বিট থেকে চিনি উৎপাদন এবং গবাদিপশু পালনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাবে পাম তেল ও চিনি উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এফএওর তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যশস্যের মূল্যসূচক জুলাইয়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এর ফলে এই সূচক ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

এদিকে ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। এটিও ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

চিনির দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগস্টে চিনির মূল্যসূচক ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ।

অন্যদিকে, পৃথক এক প্রতিবেদনে এফএও জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে মোট শস্য উৎপাদনের পূর্বাভাস জুলাইয়ের হিসাবের তুলনায় ৩ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৯৮০ বিলিয়ন টন করা হয়েছে। এই পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় চলতি বছর বৈশ্বিক শস্য উৎপাদন প্রায় ২ শতাংশ কমতে পারে।

এফএওর আশঙ্কা, এই পতন ২০১৮ সালের পর বিশ্বে বার্ষিক শস্য উৎপাদনে সবচেয়ে বড় হ্রাস হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে বিঘ্ন এবং ইরানকে ঘিরে সংঘাতের কারণে সারের সরবরাহে চাপ—দুই বিষয়ই আন্তর্জাতিক খাদ্যবাজারের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

-স্বাধীন/এমএ

২০২২ সালের পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ
লোগো
Sep 4, 2026

২০২২ সালের পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta