আইফোন বন্ধ থাকলেও যেভাবে খুঁজে পাবেন
আইফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে যাওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হলে অনেকেই ধরে নেন, ফোনটির আর কোনো হদিস পাওয়া সম্ভব নয়। তবে অ্যাপলের কয়েকটি নিরাপত্তা সুবিধা আগে থেকে সক্রিয় করে রাখলে ফোন বন্ধ হওয়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত এর অবস্থান শনাক্ত করা যায়।
যে সেটিংসগুলো আগে থেকেই চালু রাখবেন
এ সুবিধা পেতে আইফোনের সেটিংসে গিয়ে নিজের অ্যাপল আইডি থেকে Find My অপশনে প্রবেশ করতে হবে। সেখানে Find My iPhone এবং Find My network চালু রাখা জরুরি।
Find My network সক্রিয় থাকলে ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও আশপাশের অ্যাপল ডিভাইসের মাধ্যমে এর অবস্থান শনাক্ত হতে পারে। এ ক্ষেত্রে কাছাকাছি থাকা ডিভাইসগুলো ব্লুটুথ সিগন্যালের সাহায্যে হারানো আইফোনের অবস্থান শনাক্ত করতে সহযোগিতা করে।
পাশাপাশি Send Last Location চালু করে রাখা ভালো। ফোনের ব্যাটারি প্রায় শেষ হয়ে এলে এই ফিচারটি ডিভাইসের সর্বশেষ অবস্থান অ্যাপলের কাছে পাঠিয়ে দেয়।
এ ছাড়া Location Services ও Bluetooth সক্রিয় থাকতে হবে। ফোনের লোকেশন গত সাত দিনের মধ্যে অন্তত একবার Find My-তে আপডেট হওয়াও প্রয়োজন।
ফোন বন্ধ হওয়ার পরও খুঁজে পাওয়া যাবে কি না বুঝবেন যেভাবে
আইফোনের কন্ট্রোল সেন্টার খুলে পাওয়ার আইকন চেপে ধরুন। এরপর পাওয়ার-অফ স্ক্রিনে যদি “iPhone Findable After Power Off” লেখা দেখা যায়, তাহলে বুঝতে হবে ফোনটি বন্ধ করার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত Find My-এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব।
চুরি হলে কন্ট্রোল সেন্টার বন্ধ রাখুন
আইফোন চুরি হওয়ার পর কেউ যাতে লক স্ক্রিন থেকেই কন্ট্রোল সেন্টার খুলে এয়ারপ্লেন মোড চালু করতে না পারে, সে জন্য আগেই একটি পরিবর্তন করে রাখা যেতে পারে।
এ জন্য Settings > Face ID & Passcode > Allow Access When Locked-এ গিয়ে Control Center বন্ধ করে দিন। এতে ফোন লক থাকা অবস্থায় সহজে কন্ট্রোল সেন্টারে প্রবেশ করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা কঠিন হবে।
বন্ধ আইফোন কতক্ষণ শনাক্ত করা যায়?
এই সুবিধা সাধারণত iPhone 11 বা পরবর্তী মডেল এবং iOS 15 বা পরবর্তী সংস্করণে পাওয়া যায়। তবে কিছু iPhone SE মডেলে এটি সমর্থিত নাও হতে পারে।
চার্জ থাকা অবস্থায় ফোন ম্যানুয়ালি বন্ধ করা হলে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে। আর ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গেলেও iOS 15.2 বা পরবর্তী সংস্করণে চলা সমর্থিত কিছু আইফোন প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত কম শক্তির ব্লুটুথ সিগন্যাল পাঠাতে পারে।
এই সিগন্যাল কাছাকাছি থাকা অন্য অ্যাপল ডিভাইস শনাক্ত করলে সেই ডিভাইসের মাধ্যমে হারানো ফোনের অবস্থান জানা সম্ভব হয়।
অন্যদিকে Find My অ্যাপে ফোনের সর্বশেষ শনাক্ত অবস্থান সাত দিন পর্যন্ত দেখা যেতে পারে। এরপর নতুন কোনো লোকেশন পাওয়া না গেলে সাধারণত “No Location Found” বার্তা দেখানো হয়।
ফোন খুঁজে না পেলে যা করবেন
আইফোনের সন্ধান না পেলে অন্য অ্যাপল ডিভাইস কিংবা Find My-এর ওয়েব সংস্করণ ব্যবহার করে ফোনটিকে Lost Mode-এ রাখা যায়। এতে ফোনটি পরবর্তী সময়ে চালু হলে লক স্ক্রিনে মালিকের দেওয়া বার্তা বা যোগাযোগের তথ্য দেখানো যাবে।
আর Stolen Device Protection চালু থাকলে Lost Mode বন্ধ করার জন্য Face ID বা Touch ID প্রয়োজন হতে পারে।
তাই ফোন হারানো বা চুরির মতো পরিস্থিতিতে নিরাপত্তা বাড়াতে Find My-এর প্রয়োজনীয় ফিচারগুলো আগে থেকেই চালু রাখা এবং অপ্রয়োজনে সেগুলো বন্ধ না করাই সবচেয়ে নিরাপদ।
-স্বাধীন দিগাস্ত/এস
আইফোন বন্ধ থাকলেও যেভাবে খুঁজে পাবেন

