গেম নির্মাতাদের জন্য রোবলক্সের বড় ঘোষণা, আসছে একগুচ্ছ সুবিধা

প্রকাশঃ Sep 15, 2026 - 10:18
গেম নির্মাতাদের জন্য রোবলক্সের বড় ঘোষণা, আসছে একগুচ্ছ সুবিধা

জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্সে আসছে একগুচ্ছ নতুন সুবিধা। গেম নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরির পাশাপাশি ব্যবহারকারীদের গেম খেলার অভিজ্ঞতাও আরও সহজ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্মাতাদের সম্মেলনে এসব পরিবর্তনের ঘোষণা দেয় রোবলক্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপের বাইরে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ হিসেবে প্রকাশ করতে পারবেন। মোবাইল ফোন, কম্পিউটার এবং বিভিন্ন গেম কনসোলেও এসব গেম প্রকাশের সুযোগ থাকবে।

রোবলক্স বলছে, আলাদা অ্যাপ হিসেবে গেম চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও বিভিন্ন সেবা নির্মাতাদের সরবরাহ করবে তারা। এতে নিজেদের তৈরি গেম আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

ব্যবহারকারীদের জন্যও রয়েছে নতুন সুবিধা। চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি রোবলক্সের গেম খেলার সুযোগ চালু হতে পারে। এ ক্ষেত্রে আলাদা করে রোবলক্স অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। গেমের তথ্যসংবলিত পাতা থেকেই সরাসরি গেম চালু করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ব্রাউজারেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নতুন আপডেটের মাধ্যমে একই গেমে অনলাইন ও অফলাইন দুই ধরনের খেলার সুযোগও যুক্ত করা হচ্ছে। অর্থাৎ ইন্টারনেট সংযোগ না থাকলেও কিছু একক খেলোয়াড়ের অভিযানভিত্তিক গেম খেলা সম্ভব হবে।

গেম তৈরির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াতে চাইছে রোবলক্স। এর অংশ হিসেবে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইচালিত চরিত্র তৈরির মতো বেশ কিছু নতুন টুল নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে গত জুলাইয়ে ‘বিল্ড’ সুবিধা চালু করেছে রোবলক্স। এই টুলের মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা ব্যবহার করেই একটি গেম তৈরি, পরীক্ষা এবং প্রকাশ করা যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই সুবিধা ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ এর আগে কখনো রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি। অর্থাৎ এআইভিত্তিক টুল নতুন নির্মাতাদের জন্য গেম তৈরির প্রক্রিয়াটি অনেকটাই সহজ করে দিয়েছে।

এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে লিখিত নির্দেশনার পাশাপাশি একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্যপট তৈরি করা যাবে।

এ ছাড়া গেম পরীক্ষার কাজেও এআই ব্যবহারের পরিকল্পনা করছে রোবলক্স। এ জন্য এআইচালিত চরিত্র তৈরি করা হবে, যেগুলো গেমের বিভিন্ন পরিস্থিতি পরীক্ষা করতে সহায়তা করবে।

সব মিলিয়ে নির্মাতাদের জন্য গেম প্রকাশের সুযোগ বাড়ানো, ব্রাউজার থেকেই গেম খেলার সুবিধা এবং এআইয়ের ব্যবহারএই তিন দিকেই বড় পরিবর্তন আনতে যাচ্ছে রোবলক্স।


-স্বাধীন/এস

গেম নির্মাতাদের জন্য রোবলক্সের বড় ঘোষণা, আসছে একগুচ্ছ সুবিধা
লোগো
Sep 15, 2026

গেম নির্মাতাদের জন্য রোবলক্সের বড় ঘোষণা, আসছে একগুচ্ছ সুবিধা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta