ইনস্টাগ্রামে যুক্ত হলো নতুন ফিচার, মিলবে যে সুবিধা

প্রকাশঃ Sep 12, 2026 - 17:18
ইনস্টাগ্রামে যুক্ত হলো নতুন ফিচার, মিলবে যে সুবিধা

ব্যবহারকারীদের প্রোফাইল আরও ব্যক্তিগতভাবে সাজানোর সুযোগ দিতে নতুন একটি ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এখন থেকে অন্য কেউ কোনো পোস্টে ট্যাগ করলে, সেই পোস্ট চাইলে নিজের প্রোফাইলের মূল গ্রিডেও যুক্ত করা যাবে।

নতুন এই সুবিধার ফলে বন্ধু বা পরিচিতদের পোস্ট করা ছবি কিংবা ভিডিও নিজের প্রোফাইলে দেখানোর জন্য একই কনটেন্ট আলাদাভাবে আবার পোস্ট করতে হবে না। উদাহরণ হিসেবে, বন্ধুদের সঙ্গে পার্টি, কনসার্ট, ভ্রমণ বা কোনো বিশেষ অনুষ্ঠানের ছবি কেউ পোস্ট করে সেখানে আপনাকে ট্যাগ করলে, সেটি সরাসরি নিজের প্রোফাইল গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ট্যাগ করা পোস্ট গ্রিডে যুক্ত করার জন্য একাধিক অপশন থাকবে। ট্যাগ হওয়ার পর পাওয়া ডিএম (ডাইরেক্ট মেসেজ) নোটিফিকেশন, সংশ্লিষ্ট পোস্ট অথবা প্রোফাইলের ‘ট্যাগড’ ট্যাব থেকে পোস্টটি নিজের গ্রিডে যোগ করা যাবে।

পরবর্তীতে প্রয়োজন মনে না হলে ব্যবহারকারী চাইলে পোস্টটি নিজের প্রোফাইল গ্রিড থেকে সরিয়েও দিতে পারবেন। তবে এতে মূল পোস্টে কোনো প্রভাব পড়বে না। যিনি পোস্টটি প্রকাশ করেছেন, তার প্রোফাইলে সেটি আগের মতোই থাকবে। নিজের গ্রিডে যুক্ত করার পরও পোস্টটি নতুন করে প্রকাশিত হবে না বা আলাদা কোনো ডুপ্লিকেট তৈরি হবে না।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও নতুন ফিচারটি বেশ সুবিধাজনক হতে পারে। কোনো কোলাবোরেশন বা ব্র্যান্ড ক্যাম্পেইনে একাধিক ক্রিয়েটরকে ট্যাগ করা হলে, তারা একই পোস্ট নিজেদের প্রোফাইলেও প্রদর্শন করতে পারবেন।

ইনস্টাগ্রামের প্রোফাইল কাস্টমাইজেশনের সাম্প্রতিক উদ্যোগগুলোর অংশ হিসেবেই নতুন সুবিধাটিকে দেখা হচ্ছে। এর আগে ‘রিঅর্ডার ইওর গ্রিড’ ফিচারের মাধ্যমে প্রোফাইল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান পরিবর্তনের সুযোগ চালু করেছিল প্ল্যাটফর্মটি। পাশাপাশি ‘ফার্স্ট ড্রাফট’ ও ‘রিপ্লেস অডিও’-এর মতো বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করেছে ইনস্টাগ্রাম।

-স্বাধীন/এমএ

ইনস্টাগ্রামে যুক্ত হলো নতুন ফিচার, মিলবে যে সুবিধা
লোগো
Sep 12, 2026

ইনস্টাগ্রামে যুক্ত হলো নতুন ফিচার, মিলবে যে সুবিধা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta